বাংলাদেশ

আবারো দুই দিনের রিমান্ডে ঈশিতা

মাদক ও প্রতারণার দুই মামলায় ছয়দিনের রিমান্ডের পর এবার প্রতারক ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদার আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এদিন দুপুরে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর শাহআলী থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের দুইজনকে গ্রেপ্তারসহ পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১ আগস্ট সকালে মিরপুরে অভিযান চালিয়ে প্রতারক ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি বিশেষ টিম। সেসময় তাদের বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম ও র‌্যাঙ্ক ব্যাজ, ল্যাপটপ, ৩০০ পিস ইয়াবা, পাঁচ বোতল বিদেশি মদ ও মোবাইল উদ্ধার করা হয়। তারা দেশি ও বিদেশী বিভিন্ন সংস্থার ভুয়া প্রতিনিধি, ক্যান্সার বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল,গবেষক ও বিশিষ্ট আলোচক এমন বহুমুখী ভুয়া পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিত।

এ ঘটনায় পরেরদিন সকালে র‍্যাব-৪ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মিরপুরের শাহআলী থানায় প্রতারণা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা দায়ের করে। সেদিনই বিকেলে তাদের আদালতে হাজির করা হলে মাদক ও প্রতারণার দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বাকি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ দুই দিনের রিমান্ড দিল আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension