
এক দিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশি বৈশাখী
এক দিনের জন্য ঢাকার নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি তরুণী বৈশাখী আক্তার। আজ মঙ্গলবার নরওয়ে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বৈশাখী রাজধানীর ধলপুরে শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা কমিউনিটি স্বেচ্ছাসেবক। তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গ্র্যাজুয়েট স্পন্সরশিশু। নেতৃত্বের গুণাবলির মাধ্যমে বৈশাখী তার কমিউনিটিতে নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী কমিউনিটির বিরুদ্ধে বিরূপ মনোভাব দূরীকরণে কাজ করে যাচ্ছেন। একইসঙ্গে কমিউনিটির অভিভাবকদের সঙ্গে কন্যাশিশুদের উচ্চতর পড়াশোনায় এগিয়ে নিতেও অ্যাডভোকেসি চালিয়ে যাচ্ছেন বৈশাখী।
এক দিনের জন্য নরওয়ে রাষ্ট্রদূত পদে প্রতীকী দায়িত্ব পালন করে বৈশাখী বলেন, ‘সমান সুযোগ পেলে মেয়েরা পালন করতে পারে না এমন কোনো দায়িত্ব নেই। সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ঘরে ঘরে আমাদের জেন্ডার সমতার বার্তা পৌঁছে দিতে হবে যেন তারা মেয়েদের অধিকার, ক্ষতিকর লিঙ্গভিত্তিক আচার ও বৈষম্য সম্পর্কে সচেতন হতে পারে।’
তার দাবি, দেশের সর্বস্তরের কিশোরী ও যুব নারী যেন পায় সমান অধিকার, সমান সুযোগ।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২২ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত প্রতীকীভাবে এই পদ গ্রহণ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটির ‘গার্লস টেকওভার’ নামক এক বিশেষ বৈশ্বিক কর্মসূচির অংশ। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বজুড়ে ‘মেয়ে আমি সমানে সমান’ ক্যাম্পেইনের আওতায় এই আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য হলো-কিশোরী ও যুব নারীদের সক্ষমতা তৈরি এবং নেতৃত্ব বিকাশে বিশ্বব্যাপী আওয়াজ তোলা।
এ বছর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মাসজুড়েই প্রায় ৪০টির বেশি টেকওভারের আয়োজন করেছে যেখানে বৈশাখীর মতো দেশের নানা প্রান্তের মেয়েরা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সরকারি-নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ এক দিনের জন্য প্রতীকীভাবে গ্রহণ করবে। সর্বত্র কিশোরী ও যুব নারীদের স্বাধীনতা, সমতা এবং সমান উপস্থাপন নিশ্চিতে জোরালো আওয়াজ তোলার লক্ষ্যে এই আয়োজন।
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন বলেন, ‘সিভিল সোসাইটির দীর্ঘকালীন এবং চলমান অ্যাডভোকেসি ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেন্ডার সমতাবিষয়ক নরওয়ের কাজের ফল অর্জন করা সম্ভব হতো না। আর এ কারণেই বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের সাথে নরওয়ের দূতাবাসগুলো একসাথে কাজ করে চলেছে, যাতে করে এই বিশেষ দিনে মেয়ে এবং যুব নারীরা একটি বিশেষ প্ল্যাটফর্ম পায় নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য।’
তিনি আরও বলেন, ‘মেয়েদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে আমাদের মেয়েদের নেতৃত্ব, সংগঠন ও চিন্তা-চেতনার বিকাশে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আমাদের মনে করিয়ে দেয় মেয়েদের এগিয়ে নেওয়ার এবং তাদের ক্ষমতায়নে বিশ্বাসী এক সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিকে। মেয়েদের সম্ভাবনার পথে যেন কোনোকিছুই বাধা হয়ে দাঁড়াতে না পারে।’
এ বছর প্ল্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করছে ‘ক্ষমতায় সমানে সমান’ প্রতিপাদ্য নিয়ে।
মেয়েদের ক্ষমতায়ন নিশ্চিতের আন্দোলনে প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইন একটি শক্তিশালী উদ্যোগ। সমান সুযোগ পেলে মেয়েরাও তাদের জীবনে ও সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। এই টেকওভার কর্মসূচি শুধু মেয়েদের সক্ষমতাকে দৃঢ় করে তাই নয়, বরং জেন্ডার সমতা সমর্থনকারী প্রত্যেকের নিবেদিত চেষ্টাকে জোরালো করারও সুযোগ।



