
জাতীয় গ্রিডের অটোমেশন করা সময়ের দাবি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জাতীয় গ্রিডের অটোমেশন করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এটা চাহিদা ও সরবরাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই সমন্বয় করবে। বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে সমম্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে। সমন্বয়হীনতার জন্য অনেক অর্জনই ব্যর্থতায় পরিণত হতে পারে।
আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে হুয়াওয়েই ও পাওয়ার সেলের যৌথ উদ্যোগে ‘টুগেদার ফর এ স্মার্ট অ্যান্ড গ্রিন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রিডের অটোমেশন করা সময়ের দাবি। এটা চাহিদা ও সরবরাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই সমন্বয় করবে। তথ্যপ্রযুক্তি ও স্মার্ট ডিভাইজের সংযোজন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে সুরক্ষিত রাখবে। বিদ্যুৎ ব্যবস্থাকে প্রচলিত গ্রিড থেকে স্মার্ট গ্রিডে রূপান্তরিত করতে প্রযুক্তির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জনশক্তিকেও দক্ষ করে গড়ে তোলা আবশ্যক। ইলেকট্রিক ভেহিক্যাল পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। বাংলাদেশ ইতোমধ্যে চার্জিং গাইডলাইনসংক্রান্ত নীতিমালা প্রস্তুত করে ফেলেছে।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। সবাইকে ধৈর্য ধরতে হবে। লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই।’
কর্মশালায় স্মার্ট গ্রিড, ইলেকট্রিক ভেহিক্যাল ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্মার্ট গ্রিড, সাইবার হামলা প্রতিরোধ, ডিজিটালাইজেশন, অটোমেশনের পাশাপাশি প্রযুক্তি নির্ভর ক্লিন এনার্জি এবং ইলেকট্রিক যানবাহন নিয়েও আলোচনা করা হয়।
বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে হুয়াওয়েই প্রযুক্তি (বাংলাদেশ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান ঝানফেং বক্তব্য দেন।



