বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় মেডিক্যাল ভিসা এখনও সীমিত, সুযোগ নিচ্ছে চীন

বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরও ভারতীয় মেডিক্যাল ভিসা ইস্যুর পরিমাণ বৃদ্ধি করছে না কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক ছয় কর্মীর দাবি, দুদেশের সম্পর্কে অবনতি এবং কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সুযোগে জনকূটনীতির এক সুবর্ণ সুযোগ নিচ্ছে চীন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২৩ সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ইস্যু করা সিংহভাগ ভিসা ছিল চিকিৎসা সংক্রান্ত। ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বৃদ্ধি পাচ্ছিল।

তবে, গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি পালটে যেতে থাকে। আগে যেখানে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মেডিক্যাল ভিসা ইস্যু করা হতো, এখন সেখানে হাজারের কম ভিসা দেওয়া হচ্ছে।

এই বিষয়ে অবগত এক বাংলাদেশি কর্মকর্তা বলেছেন, কোথাও শূন্যতা সৃষ্টি হলে অন্য কেউ তার সুযোগ নেবেই। এখন ভারতের বদলে অনেকে চীন ও থাইল্যান্ড যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের সরকারি তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশের জন্য ২০ লাখের বেশি মেডিক্যাল ভিসা ইস্যু করেছিল ভারত। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দৃশ্যপটে চীনের উপস্থিতি জোরালো হচ্ছে।

চলতি মাসে কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশে গেছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজম পর্যালোচনা শুরুর দ্বার উন্মোচন হলো।

ওয়েন আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ১৪টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। গত সাত মাসে তাদের পক্ষ থেকেই সর্বাধিক বিনিয়োগ এসেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় করতে বেইজিং আন্তরিকভাবে চেষ্টা করে যাবে।

সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে অন্যদিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension