
হাসপাতাল থেকে ১৭১০ ডোজ টিকা চুরি
ভারতের হরিয়ানা রাজ্যের একটি সরকারি হাসপাতাল থেকে টিকা চুরির খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজ্যের ঝিন্দ জেলা হাসপাতালের গুদামঘর থেকে ১ হাজার ৭১০টি ডোজ করোনা চুরি গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চুরি হওয়া টিকার মধ্যে ১২৭০ ডোজ কোভিশিল্ড এবং ৪৪০ ডোজ কোভ্যাক্সিনের টিকা ছিল। হাসপাতালের গুদামে করোনার টিকা ছাড়াও বিভিন্ন রোগের প্রতিষেধক ও ওষুধ ছিল। তবে শুধুমাত্র করোনা টিকার ডোজগুলোই চুরি হওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
টিকা চুরির ঘটনায় পুলিশে অভিযোগ করেছে হাসপাতালটি। এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে। তবে টিকার গুদামে কোন সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তাকর্মীও ছিল না বলে জানা গেছে।
ভারতের সর্বোচ্চ আদালত টিকা ও অক্সিজেন সরবরাহের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলার দিনই এমন ঘটনায় সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এরইমধ্যে টিকা নষ্ট করার অভিযোগ উঠেছে হরিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্যের বিরুদ্ধে।❐



