যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘পিক্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপের কথা ভাবছেন তিনি।

তবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। কারণ, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করবে বলে মনে করেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের গভীরে অবস্থিত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা ‘পিক্যাক্স মাউন্টেনের’ দিকে নজর দিচ্ছি। সেখানে আমাদের যেতে হতে পারে। আমরা ওই স্থাপনাটিতে হামলা চালাব। দ্রুতই সেটিকে ধ্বংস করে দেব।’

পিক্যাক্স মাউন্টেন হলো ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত একটি সুরক্ষিত স্থাপনা। এটি ভূগর্ভের অনেক গভীরে নির্মিত বলে জানা গেছে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরও হামলার বিষয়টি বিবেচনা করছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। এর কোনো প্রয়োজন নেই।’

এ ছাড়া ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনা করছেন না বলে আবারও জানান তিনি।

তবে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমাগুলোর একটি ব্যবহারের অনুমতি দিয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প।

সাক্ষাৎকারে আলোচনায় আসে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমার বিষয়টি। এটি ‘মাদার অব অল বম্বস’ নামেও পরিচিত।

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় এই বোমা ব্যবহারের অনুমোদন দিয়েছেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এমওএবি’ একটি প্রচলিত বোমা, পারমাণবিক অস্ত্র নয়।

তথ্যসূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension