যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় মাতৃত্বকালীন ছুটি পেতে অভিনব জালিয়াতি

মাতৃত্বকালীন ছুটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই দিয়ে থাকে। এ সময় পূর্ণ বেতনে ছুটি পান নারীরা। বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতে এক নারী বেছে নিয়েছেন এক অভিনব জালিয়াতির। অবিকল সিনেমার মতো নকল ‘গর্ভ’ পেটে লাগিয়ে নিজেকে অন্তঃসত্ত্বা প্রমাণের চেষ্টা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া ভোকেশনাল রিহ্যাবিলিটেশন এজেন্সিতে পররাষ্ট্র বিষয়ক পরিচালক হিসেবে কাজ করতেন রবিন ফলসম (৪৩)। ২০২০ সালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান।

কিন্তু ২০২১ সালের মার্চে তার সহকর্মীরা লক্ষ্য করেন রবিনের পেটের নিচের অংশ তার শরীর থেকে আলগা হয়ে আসছে। তারা বুঝতে পারেন রবিন নকল ‘গর্ভ’ পেটে লাগিয়েছেন। তবে বিষয়টি নিয়ে তেমন উচ্চবাক্য করেনি তারা।

এদিকে, নিজের ‘সন্তানের’ জন্য নকল বাবাও সাজিয়ে এনেছিলেন রবিন। এরপর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ই-মেইল করে জানিয়েছিলেন ২০২১ সালের মে মাসে সন্তান জন্মদানের পর চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

তাকে সাত সপ্তাহ বেতনসহ ছুটিও দেওয়া হয়।

অন্যদিকে ‘সন্তান জন্ম নেওয়ার পর’ রবিন তার কয়েকজন সহকর্মীকে ছবি পাঠিয়েছিলেন। কিন্তু সব ছবি একই শিশুর ছিল না। শিশুর গায়ের রংও একেক জায়গায় একেক রকম ছিল।

পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর রবিনের জালিয়াতির খবর ফাঁস হয়ে যায়। এরপর ২০২১ সালের অক্টোবরে চাকরি ছেড়ে দেন রবিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension