
আবার বেড়েছে ডলারের দাম
আবার বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম। ফলে আরো দুর্বল হয়েছে দেশীয় মুদ্রার টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার (১৩ জুলাই) ৫০ পয়সা বাড়িয়ে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা, যা গতকাল পর্যন্ত ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ভোরের কাগজকে বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় বাংলাদেশ ব্যাংক। আজ ৯৩ টাকা ৯৫ পয়াসাকে বিবেচনায় নিয়েছে। এ দামেই ৯ কোটি ৭০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ২৮ জুন ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ডলারের দাম নির্ধারণ করা হয়েছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।
ডলারের দাম বাজারে ছেড়ে দেয়ার পর থেকে প্রায় প্রতিনিয়তই ডলারের দাম বাড়ছে। তবে সেটা খুব সামান্য পরিমাণে। সব মিলিয়ে গত দুই মাসে ডলারের দাম বেড়েছে ৭ টাকার বেশি। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে। এটাকে বলা হয় আন্তঃব্যাংক রেট। ডলারের দাম বাড়ায় একদিকে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে আমদানিকারকদের খরচ বাড়বে।



