শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণ মামলা নেয়ার নির্দেশ

ধর্ষণের অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. শহীদুর রহমান খান ও বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম এ আদেশ দেন।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযোগকারী নারী ২০২১ সাল থেকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তার অভিযোগ, উপাচার্য থাকাকালে আবাসিক ভবনে খাবার সরবরাহকালে তাকে ধর্ষণ করেছেন শহীদুর রহমান খান। এক্ষেত্রে সহযোগীর ভূমিকায় ছিলেন মাজহারুল আনোয়ার।

আদালতে উপস্থাপিত আবেদন সূত্রে জানা যায়, শহীদুর রহমান উপাচার্য থাকাকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসের পঞ্চম তলায় আবাসিকভাবে থাকতেন। সেখানে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় রেজিস্ট্রার ওই নারীকে উপাচার্যের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেন। ওই নারী প্রতিদিন শহীদুর রহমানের কাছে খাবার পৌঁছে দিতেন।

ওই নারীর অভিযোগ, খাবার সরবরাহকালে তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতে থাকেন শহীদুর রহমান। এক পর্যায়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় খাবার দিতে গেলে পূর্ব থেকে পরিকল্পিতভাবে রেজিস্ট্রারের সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন শহীদুর রহমান। পরে রেজিস্ট্রার ওই নারীকে বলেন, ‘আজকের ঘটনা তুমি কাউকে বলবে না, তাহলে তোমার চাকরি থাকবে না, আর স্যারকে বলে স্যারের সঙ্গে তোমার বিবাহ করিয়ে দেব। তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে দাও।’

অভিযোগকারীর দাবি, পরে তিনি চাকরির কথা বিবেচনা করে ও সামাজিক লোক-লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে স্বামীকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকে ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে মেলামেশা করতে থাকেন শহীদুর রহমান। এক পর্যায়ে তার উপাচার্য পদে মেয়াদ শেষ হলে তিনি বদলি হয়ে যান এবং ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

আদালতে উপস্থাপিত আবেদন সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি শহীদুর রহমান খুলনায় এলে ওই নারী তার সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে শহীদুর রহমানের পায়ে ধরে কান্নাকাটি করে বিয়ের আকুতি জানান। তবে তিনি এতে রাজি হননি। পরে ওই নারী স্বজনদের বিষয়টি জানিয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেন।

এরই পরিপ্রেক্ষিতে ওই নারী আদালতের দ্বারস্থ হলে বিচারক সোমবার থানাকেই এজাহার গ্রহণের নির্দেশ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension