
কলোরাডোয় বন্দুক হামলায় নিহত ২
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন।
লেকউড পুলিশ বিভাগ জানায়, রাজধানী ডেনভারের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে বৃহস্পতিবার (০৬ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পায় পুলিশ। তাদের বিবৃতিতে বলা হয়, ‘এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।’
সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলেও তাদের একজন মারা যান। তৃতীয়জনের বেঁচে থাকার আশা করা হচ্ছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘যদিও বন্দুক হামলার শিকার হওয়া তিন পুরুষের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোনো না কোনোভাবে তারা একে অপরের পরিচিত ছিল।’ গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশের ধারণা, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে। এ ঘটনা নিয়ে জোরালো তদন্ত চলছে।



