
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ ইতি টানতে চীন ও ভারতের আহ্বান
দ্রুতই ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছে চীন ও ভারত। উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে এ যুদ্ধের ইতি চায় দেশ দুটি। দ্য গার্ডিয়ানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এমনটা জানা যায়।
বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার অন্যতম মিত্র হিসেবে ভারত ও চীনের বেশ ভূমিকা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সপ্তাহব্যাপী চাপের পর সংস্থাটিতে দেওয়া এক বক্তৃতায় পশ্চিমাদের সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে বিচিত্র সব প্রচারণার জন্য পশ্চিমাদের দায়ী করেন।
তবে এ সময় উল্লেখযোগ্য কোনো দেশকে রাশিয়ার পক্ষ নিতে দেখা যায়নি। যদিও ইউক্রেনে সামরিক অভিযানের শুরুতে রাশিয়ার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছিল চীন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে চীনের পররাষ্ট্রমন্ত্রী উয়াং ইয়াই রাশিয়া ও ইউক্রেন উভয়কেই এ যুদ্ধ শেষ করার আহ্বান জানান। ফলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
উয়াং ইয়াই বলেন, ইউক্রেন সংকট সমাধানে সব শান্তিপূর্ণ উপায়কে সমর্থন করে চীন। শান্তির জন্য আলোচনার লক্ষ্যে সব পদক্ষেপকে অগ্রাধিকার দেয় তার দেশ।
চীনের এমন বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা বলেন, চীন সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানানোর ফলে রাশিয়াকে উত্তর কোরিয়া ও ইরানের দিকে ঝুঁকতে সাহায্য করেছে। যেহেতু মস্কোর নিজস্ব সামরিক সরবরাহ কমে আসছে।
জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, ইউক্রেন সংকট ঘণীভূত হওয়ার পর থেকেই আমাদের কাছে প্রশ্ন আসছে যে- আমরা কার পক্ষে? আমরা প্রতিবারই বলে আসছি আমরা শান্তির পক্ষে। আর সবসময় শান্তির পক্ষেই তার দৃঢ় অবস্থান থাকবে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সেই পক্ষেই আছি যারা আলোচনা ও কূটনৈতিক মাধ্যমে এ সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে।
যুদ্ধ বন্ধ করার জন্য চীনের পক্ষ থেকে কোনো প্রকার চাপ তৈরি হয়েছে কি না- এমন প্রশ্নের কোনো জবাব দেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বরাবরের মতোই পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করে আসছেন।



