প্রধান খবররাজনীতি

খুলনায় রিটার্নিং অফিসার পক্ষপাতদুষ্ট: আওয়ামী লীগ

রূপসী বাংলা ডেস্ক:খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে তার প্রতি অনাস্থা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে শেষ সময়ে এসে নির্বাচন বিঘ্নিত হবে মনে করে তার প্রত্যাহার চায় না ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের দাবি, রিটার্নিং কর্মকর্তা যেন আইন ও সংবিধান সম্মতভাবে নিরপেক্ষ আচরণ করেন।

বুধবার বিকালে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

বৈঠক শেষে এইচটি ইমাম সাংবাদিকদের বলেন, খুলনা নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। নির্বাচনের জন্য যেসব প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তারা নির্দিষ্ট দলের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা এসব বিষয়ে সিইসিকে জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তার প্রতি আমরা অনাস্থা জানিয়েছি।

তিনি বলেন, নির্বাচনের যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি, সেজন্য প্রত্যাহার বা বদলি করা হলে নির্বাচন বিঘ্নিত হবে। এজন্য আমরা তাকে প্রতাহারের দাবি জানাচ্ছি না। তবে তিনি যেন সংবিধানসম্মতভাবে তার দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে কমিশন কোনও আশ্বাস দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছেন, রিটার্নিং অফিসারের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে একজন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পুরো নির্বাচনি কার্যক্রম সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।

এসময় খুলনায় লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন এইচটি ইমাম। তিনি বলেন, আমাদের দলের সিনিয়র নেতাদের অনেকেই সংসদ সদস্য। কিন্তু আচরণবিধির কারণে তারা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারছেন না। কিন্তু অন্যদলের সব নেতারা একেবারে ঝাঁপিয়ে পড়েছেন। এতে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়িত হচ্ছে না। এ কারণে আমরা পরবর্তী স্থায়ী সরকার নির্বাচনে প্রয়োজনে সংশোধনী আনার কথা বলেছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension