Uncategorizedজাতিসংঘ

জাতিসংঘের মাদকদ্রব্য কমিশন, ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডে বাংলাদেশ

জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশনের (সিএনডি) আগামী তিন বছরের জন্য সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

আর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সহযোগী সংস্থা সিএনডি’র এই নতুন পরিষদ ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্বভার গ্রহণ করবে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইকোসকের ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও ইরান এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সংস্থাটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, সিএনডি’র এই নির্বাচনটি ছিল অত্যন্ত প্রতিযোগিতপূর্ণ। বাংলাদেশ এতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। এই বিজয় বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের নেতৃত্বের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।

বিশ্বব্যাপী মাদক সমস্যার সব দিকের প্রতি বাংলাদেশ সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ জাতীয় পর্যায়ে অবৈধ মাদক ব্যবসা বন্ধে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।

এ বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

রাবাব ফাতিমা আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কমিশনের সদস্য হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা গ্রহণ করব।

জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন (সিএনডি) ৫৩ সদস্যের একটি সংস্থা। কমিশনটি বৈশ্বিক মাদকদ্রব্য পরিস্থিতি পর্যালোচনা ও বিশ্লেষণ, সরবরাহ, চাহিদা হ্রাস বিবেচনা ও রেজুলেশন ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এ বিষয়ক সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়ে থাকে। ভিয়েনায় এর সদরদপ্তর।

এছাড়াও মঙ্গলবার ইকোসক ব্যবস্থাপনা সভায় ইউনিসেফ ও ইউএন উইমেন-এর নির্বাহী বোর্ডের নির্বাচনও অনুষ্ঠিত হয়। উভয় বোর্ডে বাংলাদেশ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে।

নতুন এই বোর্ড দুটি আগামী বছরের জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানেও বোর্ড দুটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাহী বোর্ডই জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা দুটি’র মূল পরিচালনা পর্ষদ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension