
মালয়েশিয়া নির্বাচন: কে যাচ্ছেন ক্ষমতার মসনদে?
রূপসী বাংলা ডেস্ক:এগারো দিনের তীব্র প্রচার শেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ানরা আজ বুধবার চতুর্দশ জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন এবং ভালো কিছু আসছে বলে ভোটারদের স্বপ্ন দেখিয়েছেন।
এবার দেশটির দেড় কোটি যোগ্য ভোটারের আগামী পাঁচ বছরের জন্য সপ্তম প্রধানমন্ত্রী বেছে নেয়ার পালা। মালয়েশিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এতে প্রায় দুই হাজার ৩৩৩ প্রার্থী অংশ নিয়েছেন।
এবারের নির্বাচনে এক নবতিপর বৃদ্ধ তার সাবেক অনুগতকে হারাতে অবসর ভেঙে মাঠে নেমেছেন। ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ যদি নির্বাচিত হন, তবে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান।
যদি এটি কোনো সিনেমার গল্প হতো, তবে এমন কাহিনী ভাবতে আমাদের বেশ বেগ পেতে হতো। কিন্তু এটি মালয়েশিয়ার নির্বাচন বলে কথা। কাজেই কী ঘটবে, তা আগভাগে বলা মুশকিল।
এবারের নির্বাচনে ব্যক্তিগত ও রাজনৈতিক দুটো বিষয়ই ইস্যু হিসেবে সক্রিয়। মাহাথির মোহাম্মদ এক সময়ের অনুগত নাজিব রাজাককে প্রধানমন্ত্রী হতে নিজেই সাহায্য করেছিলেন।
এখন অবশ্য বলছেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন তিনি সেই ভুল সংশোধন করতে চাচ্ছেন।
২০১৫ সালে রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মাহাথির তার থেকে মুখ ফিরিয়ে নেন। এমনকি নাজিবের পতন ঘটাতে তিনি আবার রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে ওঠেন।



