
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাতে কুইন্সল্যান্ডের কেয়ার্নস সিটির হিল্টন হোটেলে এ ঘটনা ঘটে।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। এ সময় হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেয়া হয়।
কুইন্সল্যান্ড পুলিশ বলছে, পাইলটই ছিলেন হেলিকপ্টারটির একমাত্র আরোহী এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় হোটেলের দুই অতিথি আহত হয়েছেন।
কেয়ার্নসের প্রধান এসপ্ল্যানেডের হোটেলে থাকা আমান্ডা কে বলেন, বৃষ্টি হওয়ায় চারদিকে অন্ধকার ছিল। আলো না জ্বালিয়ে একটি হেলিকপ্টার অনেক নিচু দিয়ে চলছিল। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে বিল্ডিংয়ে আঘাত করে এবং বিমানটি বিস্ফোরিত হয়।



