বাংলাদেশ

আমরা কাউকে ক্রসফায়ারের নির্দেশ দেই নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গোয়েন্দারা  স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মাদক ব্যবসায়ীদের  পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে। আমরা তাদের  বিচারের মুখোমুখি করতে গ্রেফতার করার নির্দেশ দিয়েছি।আমরা কাউকে ক্রসফায়ার করার নির্দেশ দেই নাই।বুধবার (২৩ মে) খুলনায় জলদস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লবনচোরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন তাদের চ্যালেঞ্জ করা হয় তখনই মাদক ব্যবসায়ীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়,  নিজেদের রক্ষা করতে এসময় তারা মাদক ব্যবসায়ীদের গুলি করতে বাধ্য হয়। আর এসব গোলাগুলির ঘটনায় আমাদের পুলিশ সদস্য, র‍্যাবের সদস্যও আহত হচ্ছেন।মন্ত্রী বলেন,  গত কয়েকদিন ধরে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করছেন, রাতে টিভিতেও এ সমস্ত কথা বলা হয়ে থাকে; ক্রসফায়ার হয়েছে, বিনা কারণে গুলিবিদ্ধ হয়েছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই তাদের ওপর গুলি করে না যতক্ষণ পর্যন্ত তারা চ্যালেঞ্জের মুখোমুখি না হয়। আমাদের কাছে যে লিস্ট রয়েছে সে লিস্ট অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছে।যখনই  চ্যালেঞ্জের মুখে পড়ে, তখনই নিরাপত্তা বাহিনী নিজেদের রক্ষা করতে গুলি করতে বাধ্য হচ্ছে।
মাদকবিরোধী অভিযান সম্পর্কে তিনি বলেন, যারা সারেন্ডার করে, মোবাইল কোর্ট নামে যে কোর্ট রয়েছে সে কোর্টে তাদের তাৎক্ষণিকভাবে বিচার হচ্ছে। যারা নির্দোষ হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। যারা দোষী হচ্ছে তাদের সাতদিন থেকে ছয়মাস, এক বছর পর্যন্ত সাজা হচ্ছে। এ পর্যন্ত তিনহাজারের কাছাকাছি মাদক ব্যবসায়ী ও মাদকের সরবরাহকারী ধরা হয়েছে। তারা কারাগারে অন্তরীণ হয়েছে।আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা আর কোনো ঐশি তৈরি হতে দিব না। আমাদের মেধাকে বাঁচিয়ে রাখতেই হবে। আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখতেই হবে। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি এ যুদ্ধে জয়ী হতেই হবে।’    অনুষ্ঠানে খুলনা ও বরিশালের জলদুস্যদের ছয়টি বাহিনীর  প্রধান ও ৫৭ জন জলদস্যু স্বরাষ্টমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা ৫৮টি অস্ত্র  ও এক হাজার ২৮৪টি গুলি জমা দেন। ওই ছয় বাহিনী হচ্ছে দাদা ভাই বাহিনী, হান্নান বাহিনী, আমির আলী বাহিনী, সুর্য বাহিনী, ছোট সামছু বাহিনী ও মুন্না বাহিনী । অনুষ্ঠানে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করেন।এই অনুষ্ঠানে এর আগে আত্মসমর্পণ করা জলদস্যুদের আটটি বাহিনীর প্রধানদের এক লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension