
ক্ষমতার নয়া রেকর্ড বিজেপি মুখ্যমন্ত্রীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সম্প্রতি তিন রাজ্য হাতছাড়া হয়েছে৷ লোকসভা ভোটের আগে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে৷ একের পর এক জোট সঙ্গীরা এনডিএ থেকে বেরিয়ে যাচ্ছে৷ এতগুলো খারাপ খবরের মাঝে এক বিজেপি মুখ্যমন্ত্রী রাজ্যে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড করলেন৷ ঝাড়খন্ডের বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাশ এই কৃতিত্বের অধিকারী হলেন৷
প্রায় ১৮ বছর আগে বিহারের দক্ষিণ অংশ আলাদা করে জন্ম হয়েছিল ঝাড়খন্ড রাজ্যের৷ জন্মের পর থেকেই রাজনৈতিকভাবে অস্থির এই রাজ্যটি৷ ১৮ বছরে মোট তিনবার রাষ্ট্রপতি শাসন জারী হয়েছে রাজ্যটিতে৷ ১৫ নভেম্বর ২০০০ সালে ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বাবুলাল মারান্ডি৷ মাত্র ২ বছর ৪মাস ২দিন ক্ষমতায় থাকতে পেরেছিলেন বাবুলাল তারপরই সরে যেতে হয় তাঁকে৷
মাঝে ২০১০ থেকে ২০১৩ মধ্যে বাবুলালের থেকে ৫দিন বেশি ক্ষমতায় ছিলেন অর্জুন মুন্ডা৷ তবে এই প্রথম কোনও ব্যক্তি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে ৪ বছর পূর্ণ করলেন৷

রঘুবর দাশ ২৮ ডিসেম্বর ২০১৪ সালে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি এখনও ওই পদে রয়েছেন৷ গত শুক্রবার ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে চারবছর পদে থাকলেন রঘুবর৷ বাবুলাল , অর্জুন , রঘুবর এই তিনজনই বিজেপির মুখ্যমন্ত্রী৷ সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার পর টুইটারে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন রঘুবর দাশ৷

টুইটারে তিনি লেখেন, ‘‘আজকে আমাদের সরকার চারবছর পূর্ণ করল৷ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আপনাদের সমর্থণে ঝাড়খন্ড উন্নয়নের রাস্তায় রয়েছে৷ স্থায়ী সরকারের কারণে রাজ্যের উন্নয়ন গতি পেয়েছে৷ রাজ্যে একটি স্থায়ী সরকার নিয়ে আসার জন্য আপনাদের(ঝাড়খন্ডবাসীদের) ধন্যবাদ৷’’




