
গ্রেপ্তারের খবর দিয়ে বন্দুকধারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন।
এফবিআই সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শটগানধারী এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঘটনার কিছু পরে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাম্প লিখেছেন, ‘আমি তাদের বলেছি, আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে।’
এরপরই আরেক পোস্টে হামলাকারী যুবকের ছবি প্রকাশ করেন ট্রাম্প।
এর আগে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৈশভোজে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের সশস্ত্র কমান্ডোরা দ্রুত ডাইনিং রুমে ঢুকে পড়েন।
প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি প্রথমে ডায়াসের নিচে মাথা নিচু করে অবস্থান নেন এবং মুহূর্তের মধ্যেই এজেন্টরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।



