
জেন-জি বিক্ষোভে মাদাগাস্কার সরকারের পতন
আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়। এর পর অবশেষে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তাঁর সরকার ভেঙে দিয়েছেন। সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।
গত সপ্তাহে শুরু হওয়া ওই বিক্ষোভ সোমবার পর্যন্ত চলেছে। জাতিসংঘের হিসাব অনুসারে, গত কয়েক দিনে বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি। বিক্ষোভকারীদের একটা বড় অংশই তরুণ। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় জীবনযাপনের মান ক্রমেই অবনতির দিকে থাকায় সরকারবিরোধী ওই বিক্ষোভ শুরু হয়।
বিবিসির খবরে একে বলা হচ্ছে, ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের বিক্ষোভ। গত বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারের বিভিন্ন শহরে হাজারো তরুণ-তরুণী রাস্তায় নেমে আসেন। তাদের স্লোগান– ‘আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয়’।
বিক্ষোভের আয়োজকরা বলেছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর তরুণ নেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন। আন্তানানারিভোর বিক্ষোভকারীরা এমন একটি পতাকা উঁচিয়ে ধরেছিলেন, যা চলতি মাসের শুরুতে নেপালে প্রথম ব্যবহার করা হয়েছিল। নেপালে ওই বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।



