
নিউ ইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মৌসুমী
নিউ ইয়র্কে উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকীকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব।
আসছে ৩০ ও ৩১ মার্চ শাহ গ্রুপের সহযোগীতায় জ্যাকসন হাইটসের নবান্ন হলরুমে আয়োজিত এ উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
আয়োজকরা জানিয়েছেন দুই দিনব্যপী এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তিনবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমী।
সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন হবে ছাড়াও অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা।
চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় অভিনয় শিল্পী লুৎফুন নাহার লতা বলেন, সুচিত্রা সেন একজন কিংবদন্তি অভিনেত্রীর নাম। তিনি আমার কাছে নমস্য। তাঁর অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে এক গৌরবোজ্জ্বল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য নিরন্তর যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
উৎসবে প্রথম দিনে একটি ও দ্বিতীয় দিন দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-র কর্ণধার গোপাল সান্যাল।
তিনি আরো বলেন প্যন্ডামিক কাটিয়ে বিরতির পর আবার আমরা মিলিত হবো। চা-কফি খেতে খেতে উত্তম-সুচিত্রা অভিনীত ছবি দেখে নষ্টালজিয়ায় ভর করে দর্শকরা ঘরে ফিরবেন।
উৎসবে সার্বিক সহযোগীতা করছে শাহ গ্রুপ। উল্লেখ্য, কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারতে চলে যান।



