
জসীম উদ্দীন মুহম্মদ
পথের ধারে একাকি দাঁড়িয়ে আছে যে বৃক্ষ
সে তো আসলে একজন নীরব জীবন-শিক্ষক।
শিকড় তার মাটির গভীরে, অতল অন্ধকারে
দুঃখ-কষ্ট, নীরব সংগ্রাম; যা কেউ নাহি পারে।
শাখারা মেলে আকাশ পানে, আলো খোঁজে
স্বপ্ন আর আকাঙ্ক্ষারা যেনো প্রতিটি ভাঁজে।
ফুল ঝরে, ফল আসে, ঋতু বদলায় বেশ
বৃক্ষ তবু স্থির, জানে না তার ক্লান্তি বা শেষ।
ঝড় এলে পাতা ঝরে, ডাল ভাঙে, তবু সে রয়
সহনশীলতার কী যে এক কঠিন প্রতিচ্ছবি হয়।
ছায়া দিয়ে চলে পথিককে, সব তাপ সয়ে
নিজেরে বিলিয়ে সে বাঁচে, আসল বাঁচা লয়ে।



