
হোসেইন দিলওয়ার
ভবিষ্যতের কথা ভেবে আঁতকে উঠি;
আঁতকে উঠি হাতের কাছে হাত, না-দেখে।
ধেয়ে আসে জিভ নাড়ানো ভয়ের টুঁটি—
জীবন থেকে বাক্য তোলে, তারাই দেখি গল্প লেখে।
অলীক রঙের বাক্য গঠন— পুঁতির মতো
দিন দুপুরে রাত্রি নামে আরাম দিতে!
স্বাদটা বড়ো শামুক পোড়া ভেতরগত,
মাপতে গেলে কাঁপতে থাকি তুমুল শীতে।
কাঁপুনি জ্বর সয়ে-সয়ে পার করেছি, অভিনয়ে।
জেগে উঠি, জ্বর থামে না, রাত বাড়ে না— স্তম্ভিত সব;
পড়েছি যে, এমন চাপে আশ্রয় নিই কোন আলয়ে?
নাকি ভয়ে, করছি বহন নিজেই নিজের জীবিত শব?
ভাবতে-ভাবতে ঘুমিয়ে পড়ি; জেগে দেখি সন্ধ্যাবাতি,
নরম আলোয় চিনিয়ে দেয় শেষ বয়সের ওষুধ পাতি।



