
লুৎফুর রহমান চৌধুরী
ছোট্ট জীবনে হাজারো গল্প লুকিয়ে থাকে
গল্পের শুরুটা হয় নিষ্পাপের মধ্য দিয়ে
কচি পাতার মতো সবুজ আঁচল গায়ে,
শেষ হয় নদী ভাঙা, জলের স্রোতের মতো
জীবনের মধ্যখানে ঘটে যায় অজস্র কাহিনী
প্রভাতে অন্ন খুঁজতে বের হতে হয় রোজ
এক জায়গা থেকে অন্য জায়গায়
কখনো কাজ মিলে অল্প স্বল্প টাকায়
আবার কখনো বা খালি হাতে ফিরতে হয়
চটের সেলাই করা দুঃখ ভর্তি ঘরে।
হাসি কান্না সুখ দুঃখ নিয়ে ভেসে যায় তরী
নিয়মের ধারায় টিকটিক করে চলছে ঘড়ি
সংসারে টানাপোড়েন লেগেই আছে,
একদিকে টানলে অন্যদিকে কষ্ট গ্রাস করে
বারবার পিছলে যায় দাঁড়ানো দুই খাম্বা
এক চিমটি সুখ আজও —
জীবন সংগ্রামের থলিতে রাখতে পারিনি?
যা পেরেছি সবই অভিশপ্ত অশ্রুজল!
ভেতরটা চিবিয়ে চিবিয়ে যন্ত্রণাগুলো
মাথা উঁচু করার আগেই দুঃসময়ের বাতাস
মাথাটা নিঁচু করে দেয়।



