
মমতা মজুমদার
তোমরা কি কেউ ভাবতে পারো,
কোন সে দাবানলে
পুড়ছে হিয়া জখম করে চিতা পোড়া ছলে!
কোন সে ব্যথা যখন তখন হৃদ জমিনে ওঠে
একটা ব্যথা লুকিয়ে গেলে ঝড় তুলে মহালয়ে।
বুঝতে কি পাও,
কি যাতনায় সকাল কিবা সাঁঝে
অগ্নি পোড়া গন্ধ আসে কার ভেতরে জ্বলে?
কার কতটা ক্ষত আছে শূন্য হৃদয় চরে
কি বেদনা লুকিয়ে হাসে অট্টহাসির ছলে!
দেখতে কি পাও তোমরা সবে,
পোড়া মাটির দেহ খুঁড়ে!
নোনা স্রোতের টানে কে জন ভাসছে চোখের জলে?
কি সে বেদন লুকিয়ে রাখে নিঃসঙ্গতার মাঝে
পুড়ে পুড়ে সোনা হতেই, জীবন নাভিশ্বাসে!
তোমরা কি কেউ শুনতে পাও,
কার হৃদয় কতটা কাঁদে?
কেমন করে চলছে মাঝি ভাঙা তরী বায়ে।
কি সে কারণ, কোন অভিযোগ কিংবা তিরস্কারে
লাঞ্ছিত হয় জীবন নামক চক্রে ঘুরে ঘুরে?
কেউ কি কভু পড়তে পারো,
চোখের ভাষায় কার কি আছে?
সন্ধ্যা তারার মত কে জন আলো ছড়ায় পাশে!
ভালো মন্দের বিচার করে, ভাবো বিজ্ঞ জনে
মনস্তাত্ত্বিক অনুভবে সব খুঁজে পাবে নিজ গুনে।



