
শাহজালাল সুজন
নিজের বলতে নেই ঠিকানা
মুক্ত স্বাধীন পাখি,
পিষে যাওয়া পিচঢালা পথ
স্বপ্নে বেঁচে থাকি।
আকাশ ভাঙ্গা রোদের মাঝে
তপ্ত খরা বুকে,
ঝড়ের লীলায় মাতাল হয়ে
ঘোলাটে মন সুখে।
হেলান দেওয়া ওই সমুদ্দুর
আঘাত করা তীরে,
উজান ভাটির কড়াল গ্রাসে
আমার বসত ঘিরে।
পাহাড় লাভার জলন্ত জল
তৃষ্ণা যেমন ঝরে,
ডুব সাঁতারে কাটে জীবন
চোরাবালির ঘরে।



