
এম এ জিন্নাহ
তোমায় ছাড়া বুকের পাঁজর ভীষণ ভাবে ভাঙে;
বিষের ব্যথার স্রোত বয়ে যায় আমার হৃদয় গাঙে।
শূন্য বিকেল শূন্য ভাসে মন থাকে না দেহে;
মনটা কেবল শান্ত হবে তোমায় কাছে পেয়ে।
আমার কভু মন ভালো নেই , হৃদয় জুড়ে আগুন;
এই আগুনে নিভে আসে ভালোবাসার ফাগুন।
নিশির ঘরে দুচোখ ভরে বিষাদ জলের নদী;
একলা পথের পথ ডিঙিয়ে দুঃখ নিরবধি।
দুঃখগুলো বায়না ধরে থাকবে আমার কাছে;
দুঃখ নিয়ে এক জীবনে কোন মানুষটি বাঁচে?
হৃদয়জুড়ে যন্ত্রণাময় বাড়ছে হাজার ক্ষত;
ক্ষতের আঘাত লেগেই থাকে জন্ম দাগের মতো।
মনের ভেতর ব্যথার পাহাড় বড্ড বেশি দামি;
কোথায় এখন পথ লুকাবো, কোথায় যাব আমি?
হঠাৎ যাদের মন মরে যায় ঘুরছে লাশের বেশে;
মৃত মানুষ রাত জেগে রয় বিষাদ মুখে হেসে।



