
মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ বলে হাস্যরস করে বিপাকে মার্কিন কমেডিয়ান কিমেল
যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, বিভাজনমূলক বক্তব্য ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন বিতর্কের মধ্যেই জনপ্রিয় মার্কিন কৌতুক অভিনেতা জিমি কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবিসি টেলিভিশন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার নিজের শো-তে একটি স্কেচ চলাকালীন কিমেল মেলানিয়াকে ‘এক্সপেক্ট্যান্ট উইডো’ বা ‘সম্ভাব্য বিধবা’ বলে অভিহিত করেন। এ ঘটনার জেরেই ক্ষোভ প্রকাশ করে কিমেলকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ট্রাম্প ও মেলানিয়া। ওই প্রোগ্রামের তিন দিন পরই ওয়াশিংটন ডিসির ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার উপস্থিতিতে এক বন্দুকধারী গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া ট্রাম্প অভিযোগ করেন, জিমি কিমেল তার কৌতুকের মাধ্যমে ‘যুক্তরাষ্ট্রে অসুস্থ ধারার রাজনীতিকে আরও তরান্বিত করছেন’।
মেলানিয়া ওই পোস্টে লেখেন, ‘জিমি কিমেলের মতো মানুষেরা প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে ঘৃণা ছড়ানোর সুযোগ পাওয়া উচিত নয়। এবার যথেষ্ট হয়েছে, এবিসিকে ব্যবস্থা নিতে হবে।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও কড়া দাবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ডিজনি ও এবিসির উচিত, জিমি কিমেলকে এখনই বরখাস্ত করা।
প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পক্ষ থেকে কোনো কৌতুক অভিনেতাকে বরখাস্তের এমন দাবি যুক্তরাষ্ট্রে রীতিমতো নজিরবিহীন। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সরকারকে মতপ্রকাশে হস্তক্ষেপ করতে স্পষ্টভাবে নিষেধ করে।
অন্যদিকে, সোমবার (২৭ এপ্রিল) নিজের শো-তে ফিরে কিমেল তার মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার ২৩ বছরের বয়সের ব্যবধান নিয়ে একটি ‘হালকা রোস্ট’ বা নিছক কৌতুক।’ তিনি দাবি করেন, তার কথাকে কোনোভাবেই হত্যার উসকানি হিসেবে সংজ্ঞায়িত করা যায় না এবং তিনি দীর্ঘদিন ধরেই বন্দুক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার।
উল্লেখ্য, গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্সদের নিয়ে আয়োজিত ডিনার অনুষ্ঠানে কোল টমাস অ্যালেন নামে এক যুবক গুলি চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও ট্রাম্প ও মেলানিয়া অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। অভিযুক্ত অ্যালেনকে বর্তমানে প্রেসিডেন্টের ওপর হত্যা প্রচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।



