
আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ
রাজশাহী মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
নওগাঁর রাণীনগরে ঢাকা থেকে আসা এক যুবক করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ (জ্বর, কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে মারা গেছেন।
পরিবারের অভিযোগ করোনাভাইরাস সন্দেহে চিকিৎসা না পেয়ে মারা গেছেন তিনি।
শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
আজ রবিবার সকাল থেকে দাফনের প্রক্রিয়া চলছে। তবে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গ্রামবাসী ও ইউপি মেম্বার প্রথমে তাকে গ্রামেই প্রবেশ করতে দেন নি।
মৃত আল আমিন রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নের অলংকার দীঘি গ্রামের মকলেছুর রহমানের ছেলে।
বাবা মকলেছুর রহমান জানান, আল আমিন ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করত। শুক্রবার রাতে জ্বর আর কাশি নিয়ে ঢাকা থেকে নওগাঁতে আসে।
শনিবার সকালে সেখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসার সময় করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে মেম্বার ও গ্রামের লোকজন তাকে আসতে দেয় নি।
বাধ্য হয়ে এলাকার ভেটি স্ট্যান্ড থেকে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা না করেই ফিরিয়ে দেন চিকিৎসকরা।
এরপর আবারও ছেলেকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসি। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পরে তার সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
সেখানে চিকিৎসকরা দেখেই হাতে কাগজ ধরিয়ে দিয়ে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। নওগাঁ হাসপাতালে পৌঁছার পর সেখানেও ভালোভাবে না দেখে রাজশাহী নিয়ে যেতে বলে হাতে একটি কাগজ ধরিয়ে দেয়।
এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান নিয়ে যাওয়ার পর আমার ছেলের জ্বর কোনোভাবেই কমছিল না। পরে সে মারা যায়।
নওগাঁ সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, যেহেতু নওগাঁ সদর আধুনিক হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার কোনও ব্যবস্থা নেই সেহেতু আমরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। বেশি দিন জ্বর থাকায় ব্রেনে ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়েছে। ♦



