
প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা চলছেই, নিহত ২
পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় শুক্রবার দুইজন নিহত এবং একজন বেঁচে গেছেন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে মার্কিন সাউদার্ন কমান্ড।
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে একটি কালো নৌকার আকৃতির ছবি দেখা গেছে। এর পরপরই সমুদ্র থেকে আগুন উঠতে দেখা যায়।
সাউদার্ন কমান্ড জানিয়েছে, তারা বেঁচে যাওয়া ব্যক্তির জন্য অনুসন্ধান ও উদ্ধারব্যবস্থা সক্রিয় করতে অবিলম্বে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে।
হোয়াইট হাউস বুধবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন সন্ত্রাসবিরোধী কৌশলে স্বাক্ষর করেছেন। তিনি পশ্চিম গোলার্ধে মাদক গোষ্ঠীকে নির্মূল করাকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে।
পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরসহ লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত জাহাজ উড়িয়ে দেওয়ার ট্রাম্প প্রশাসনের অভিযান সেপ্টেম্বরের শুরু থেকে চলছে।
এতে মোট অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। তবে সামরিক বাহিনী এই জাহাজগুলোর কোনোটিতে মাদক বহনের প্রমাণ দেয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলাগুলো আবার বাড়ানো হয়েছে।
একই সময়ে ট্রাম্প আঞ্চলিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করেছেন যেন তারা মাদকগোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
মাদক পাচারকারী ও আন্তর্জাতিক গ্যাংগুলোর বিরুদ্ধে নিজেরাই সামরিক ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে তিনি জানান। তার মতে, এই গ্যাংগুলো এই গোলার্ধের জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি। এদিকে সমালোচকরা এই নৌকা হামলার সামগ্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।



