
যুক্তরাষ্ট্রে আইসের রেকর্ড অভিযান, এক বছরে বহিষ্কার ৪ লাখ ৮৩ হাজার
গ্রেপ্তার ৪ লাখ ৯১ হাজারের বেশি; অভিবাসন নীতির কঠোরতা নিয়ে বাড়ছে বিতর্ক ও উদ্বেগ।
শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী কঠোর অভিযান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ২০২৬ অর্থবছরে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে। একই সময়ে গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরের আগের রেকর্ড ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনের তুলনায় এবার বহিষ্কারের সংখ্যা প্রায় ৯ শতাংশ বেশি। ২০২৪ অর্থবছরের তুলনায় তা বেড়েছে প্রায় ৭৮ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো ফৌজদারি দণ্ড বা বিচারাধীন অভিযোগ ছিল না। ফলে অভিবাসন আইন প্রয়োগের ধরন, আটক অভিযান এবং মানবিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত জনমত জরিপে ৫৮ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কঠোর হয়েছে।
অন্যদিকে, প্রশাসনের দাবি—জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত অনিবন্ধিত অভিবাসীদের বহিষ্কার করাই এই অভিযানের মূল লক্ষ্য।
রেকর্ডসংখ্যক গ্রেপ্তার ও বহিষ্কারের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভিবাসী সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে অভিবাসন আইন প্রয়োগে স্বচ্ছতা, ন্যায্যতা ও মানবিক বিবেচনার দাবি আরও জোরালো হচ্ছে।



