
জ্যামাইকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গঠিত হচ্ছে ওভারসাইট টাস্কফোর্স
১২ হাজার নতুন আবাসন, ৪ হাজার সাশ্রয়ী বাড়ি ও ৪১৩ মিলিয়ন ডলারের অবকাঠামো বিনিয়োগ তদারকিতে যুক্ত হবেন কমিউনিটির প্রতিনিধিরা
হোসনেআরা চৌধুরী:
কুইন্সের জ্যামাইকা এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সরকারি প্রতিশ্রুতির জবাবদিহি নিশ্চিত করতে গঠিত হচ্ছে ‘ডাউনটাউন জ্যামাইকা ওভারসাইট টাস্কফোর্স’। সোমবার, ৯ নভেম্বর, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ও ২৭তম কাউন্সিল ডিস্ট্রিক্টের প্রতিনিধি নাতাশা উইলিয়ামস এ উদ্যোগের ঘোষণা দেন।
জ্যামাইকা নেবারহুড প্ল্যানের আওতায় এলাকায় প্রায় ১২ হাজার নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার স্থায়ীভাবে সাশ্রয়ী মূল্যের আবাসন থাকবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, জনপরিসর ও কমিউনিটির বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য বরাদ্দ রয়েছে ৪১৩ মিলিয়ন ডলার।
নতুন টাস্কফোর্সের মূল দায়িত্ব হবে পরিকল্পনার ৮২টি প্রতিশ্রুতির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পার্ক ও খেলার মাঠের উন্নয়ন, পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন, বন্যা প্রতিরোধ, সড়ক ও পথচারীদের নিরাপত্তা, হাসপাতাল ও ট্রমা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি, পরিবহন এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ।
উইলিয়ামস জানান, কমিউনিটি বোর্ডের সদস্য, স্থানীয় ব্যবসায়ী, অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হবে। সাবেক কুইন্স ডেপুটি বরো প্রেসিডেন্ট মেলভা এম. মিলারের প্রতিষ্ঠান এ কার্যক্রম সমন্বয় করবে।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ৯ নভেম্বর। আগ্রহীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ নভেম্বর দুপুর ১২টা। নির্বাচিত সদস্যদের ১১ ডিসেম্বরের মধ্যে অবহিত করা হবে। টাস্কফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ ডিসেম্বর।
দীর্ঘদিন ধরে জ্যামাইকার উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংশয় রয়েছে। এ প্রসঙ্গে উইলিয়ামসও কিছুটা সংশয় থাকার কথা স্বীকার করে বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে নজরদারি জরুরি। তাঁর ভাষায়, “Trust but verify”।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে নিউইয়র্ক সিটি কাউন্সিল জ্যামাইকা নেবারহুড প্ল্যান অনুমোদন করে। নতুন টাস্কফোর্সের মাধ্যমে পরিকল্পনাটির বাস্তবায়নে কমিউনিটির অংশগ্রহণ ও জবাবদিহি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।



