নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে তিনতলা ভবনধসে নিহত ২, আহত ১০ জনের বেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি নির্মাণাধীন স্থানের পাশে তিনতলা একটি আবাসিক ভবনধসে দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গুরুতর ও সামান্য আঘাতপ্রাপ্ত ১০ জনেরও বেশি মানুষকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

শহরের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিটো জানান, ১৯৩০ সালে নির্মিত চার ইউনিটের ওই অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পাশের একটি নির্মাণাধীন স্থানে গিয়ে পড়ে, যেখানে তখন খননকাজ চলছিল। বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ভবনটি ধসে পড়ার সময় ভেতরে কতজন বাসিন্দা ছিলেন বা নির্মাণস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভবন ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, এলাকায় টহলরত একটি দমকল বাহিনী ভবন ধসের এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, এ ঘটনায় মোট ১৯ জন হতাহতের (নিহত ও আহত মিলিয়ে) তথ্য পাওয়া গেছে, যার মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহত দুজন শিশু নাকি প্রাপ্তবয়স্ক, সে বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।

উদ্ধারকাজ চালাতে গিয়ে একজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা অনুসন্ধানকারী কুকুর নিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়াদের খুঁজছেন। নিউইয়র্কের টেলিভিশন স্টেশন ডব্লিউএবিসি-টিভি জানিয়েছে, ভবন ধসের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক গর্ভবতী নারীসহ অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের প্রধান এসপোসিটো বলেন, পুরো এলাকাটি তল্লাশি করে সম্ভাব্য সব ভুক্তভোগীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলোর কয়েক দিন সময় লাগতে পারে। এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension