আন্তর্জাতিকবাংলাদেশ

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ: হামের পর শিশুদের প্রাণ নিচ্ছে নিউমোনিয়া

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া বেশিরভাগ শিশুই তীব্র নিউমোনিয়ায় ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। ফলে পরবর্তী সময়ে নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তবে হামের বাইরেও প্রতিবছর দেশে প্রায় ২৫ হাজার শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে নিউমোনিয়া। সেই হিসাবে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ শিশুর মৃত্যু হচ্ছে। অথচ সচেতনতা, সময়মতো টিকাদান ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে এসব মৃত্যুর বড় অংশ ঠেকানো সম্ভব।

Advertisement

এমন পরিস্থিতিতে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। আধুনিক টিকা, উন্নত রোগ নির্ণয় ও চিকিৎসার অগ্রগতিকে কাজে লাগিয়ে রোগটি প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে দিবসটিতে। তবে বাংলাদেশে নিউমোনিয়ার চিকিৎসায় এখনো রয়েছে নানা সীমাবদ্ধতা। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। ফলে অনেক শিশু সময়মতো চিকিৎসা পাচ্ছে না।

হামের পর কেন বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি : চিকিৎসকদের মতে, হাম শিশুর রোগ প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করে দেয়। আক্রান্ত হওয়ার পর কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কম যেতে পারে। এ সময় ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজেই শরীরে সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে নিউমোনিয়া দেখা দেয়। হামের ভাইরাস নিজেও ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে।

মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হলে তাকে নিউমোনিয়া বলে। হাম হলেই নিউমোনিয়া হবে, এমন নয়। তবে হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। ফলে পরবর্তী সময়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বাড়ে। হামের পর নিউমোনিয়া হলে শিশুর অবস্থা দ্রুত সংকটাপন্ন হতে পারে। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় সাধারণত বেশি জ্বর ও ঘন কফযুক্ত কাশি থাকে। ভাইরাসজনিত নিউমোনিয়ায় জ্বরের সঙ্গে সর্দি-কাশি দেখা দেয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, পাঁচ বছরের কম বয়সি শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাম-পরবর্তী নিউমোনিয়ায় গুরুতর জটিলতা দেখা দিতে পারে। ডায়রিয়াসহ অন্যান্য সমস্যাও শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ায়। হাম আক্রান্ত শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ দেওয়া জরুরি। এটি চোখের ক্ষতি প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।

চিকিৎসার বাইরে ৫২ শতাংশ শিশু : নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ থাকলেও দেশের সব শিশু তা পাচ্ছে না। বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৫২ শতাংশ চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর নেই। এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহের বিকল্প ব্যবস্থাও নেই।

নিউমোনিয়ায় মৃত্যুর অন্যতম কারণ রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। চিকিৎসাবিজ্ঞানে একে হাইপক্সেমিয়া বলা হয়। এ অবস্থা দ্রুত শনাক্ত করা জরুরি। কিন্তু উপজেলা পর্যায়ের অনেক হাসপাতালে পর্যাপ্ত পালস অক্সিমিটার ও অক্সিজেনের ব্যবস্থা নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খালেদ বিন ঈসমাইল বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশুকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় আনা হয়। উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগীয় হাসপাতালে স্থানান্তর করতেই অনেক সময় চলে যায়। জ্বর, সর্দি ও কাশি হলে অনেক অভিভাবক প্রথমে ফার্মেসি বা পল্লি চিকিৎসকের কাছে যান। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেন। ততক্ষণে শিশুর শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেন নিশ্চিত করা গেলে অনেক মৃত্যু ঠেকানো সম্ভব।

শীতে বাড়ে রোগীর চাপ : শীত মৌসুমে নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। শিশু ও বয়স্করা এ সময় বেশি ঝুঁকিতে থাকেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফকির ওয়ালিদ শাহ বলেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, যক্ষ্মা ও ছত্রাকের কারণে নিউমোনিয়া হতে পারে। শীতকালে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়। এ সময় বহির্বিভাগে প্রতিদিন শতাধিক নিউমোনিয়া রোগী আসেন। অন্য ঋতুতে এ সংখ্যা থাকে ৪০ থেকে ৫০। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হন।

হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বলেন, প্রতিদিন বহির্বিভাগে গড়ে এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৫০ জনের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত থাকেন। রোগটি গুরুতর হলে সেপসিস হতে পারে। পরবর্তী সময়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এআরডিএস দেখা দিতে পারে। এতে রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে।

টিকা ও পুষ্টিতে কমবে মৃত্যু : বিশেষজ্ঞদের মতে, পাঁচ বছরের কম বয়সি শিশুরা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। অপুষ্টি, বায়ুদূষণ, ঘনবসতি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা এ ঝুঁকি বাড়ায়। রান্নার ধোঁয়া ও ঘরের ভেতরের বায়ুদূষণও শিশুদের শ্বাসতন্ত্রের ক্ষতি করে।

শিশুর জ্বর, কাশি ও সর্দির সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া, অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়া কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়া বিপজ্জনক লক্ষণ। পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নিচে থাকলেও দ্রুত হাসপাতালে নিতে হবে।

নিউমোনিয়া প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি), হিব, হাম ও পার্টুসিসের টিকা শিশুকে সুরক্ষা দেয়। হামের টিকা ৯ ও ১৫ মাস বয়সে দুই ডোজ দিতে হবে। এক ডোজে প্রায় ৯০-৯৩ শতাংশ এবং দুই ডোজে প্রায় ৯৫-৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এতে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension