
বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ায় সৌদিতে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত সাজা
সৌদি আরবে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার দায়ে কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই শাস্তিকে সহিংস কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।
সাজাপ্রাপ্ত নারীর নাম এস্থার ওয়ানজা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী ও আয়া হিসেবে কাজ করতে গিয়েছিলেন। জানা গেছে, এক মিসরীয় ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।
সৌদি আরবের শরিয়াহ আইন অনুযায়ী, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই আইনের প্রয়োগে নারীরা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি লক্ষ্যবস্তু হচ্ছেন। অনেক অবিবাহিত নারী বাড়িতে সন্তান জন্ম দেওয়ায় বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে আসে না। তবে হাসপাতালে সন্তান জন্ম দিলে কর্তৃপক্ষকে জানানোর নিয়ম রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভা বলেন, অধিকাংশ নারী বাড়িতে সন্তান জন্ম দেন। ফলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে না।
২০২৪ সালে দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে উঠে আসে, সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে গ্রেপ্তারের আশঙ্কায় অনেক কেনিয়ান অবিবাহিত নারীকে তাদের সন্তানের বাবারা ফেলে চলে গেছেন। গত মাসে দেওয়া রায়ের পর নিউইয়র্ক টাইমসকে মুথোনি বলেন, বেত্রাঘাতের শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি আতঙ্কিত। আমি এমন শাস্তির যোগ্য নই।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা আল-কিসতের ভারপ্রাপ্ত পরিচালক মারিয়াম আল-দোসারি এই রায়কে সহিংসতা হিসেবে অভিহিত করেছেন। তার মতে, ওই নারীকে শাস্তি না দিয়ে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল।
আল-দোসারি বলেন, সৌদি আরবকে আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টার সঙ্গে এই রায় সাংঘর্ষিক। যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীর ক্ষমতায়নের কথা বললেও আদালত একজন মাকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছে।
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাতের প্রচলন বিলুপ্ত করার সংস্কার ঘোষণা করে। তবে তা শুধু তাজির শ্রেণির অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। বিচারকদের নিজস্ব বিবেচনায় শাস্তি নির্ধারণের সুযোগ রয়েছে এমন অপরাধকে তাজির বলা হয়। অন্যদিকে, মদ্যপান ও ব্যভিচারের মতো হুদুদ অপরাধের ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বহাল থাকার কথা জানায় আল-কিসত। ২০২১ সালে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।
সিভোলোবোভা জানান, অন্য দেশের নারীদের তুলনায় কেনিয়ান মায়েদের সহায়তা করা কঠিন। এ ক্ষেত্রে কেনিয়ার কর্তৃপক্ষের কাছ থেকেও তিনি সহযোগিতা পাননি।
ঘটনাটি এমন সময়ে সামনে এল, যখন নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার রিম আলসালেমের সৌদি আরব সফর স্থগিত হয়েছে। গত সপ্তাহে স্থগিত হওয়া ওই সফরে নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। সফর দ্রুত আয়োজন করা না হলে জাতিসংঘের নির্ধারিত প্রক্রিয়ায় বিষয়টি উত্থাপনের কথাও জানিয়েছেন আলসালেম।



