
জ্যাকসন হাইটসে দুই কথিত ব্রথেল বন্ধ, গ্রেপ্তার ১৩
বাসিন্দাদের অভিযোগে পুলিশের অভিযান; ৭৪ ও ৭৫ স্ট্রিটের দুটি প্রতিষ্ঠান বন্ধ
শাহ্ জে. চৌধুরী:
নিউইয়র্কের কুইন্সের বাংলাদেশি-অধ্যুষিত জ্যাকসন হাইটসে কথিত অবৈধ যৌন ব্যবসার দুটি আস্তানা বন্ধ করে দিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। একই এলাকায় পৃথক অভিযানে যৌনসেবা গ্রহণের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
QNS-এর ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বন্ধ করা প্রতিষ্ঠানগুলোর একটি ৩৭-৪৫ ৭৫তম স্ট্রিটে অবস্থিত। এটি সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণনের ডিস্ট্রিক্ট অফিসের প্রায় বিপরীতে। গত ২৮ অক্টোবর একাধিক অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অন্য প্রতিষ্ঠানটি ৩৭-৬৫ ৭৪তম স্ট্রিটে অবস্থিত। কাউন্সিল সদস্যের কার্যালয় জানিয়েছে, গত সপ্তাহে সেটিও বন্ধ করে দেওয়া হয়।
এনওয়াইপিডির একজন মুখপাত্র জানান, ভাইস এনফোর্সমেন্ট ডিভিশন কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টের নুইসেন্স অ্যাবেটমেন্ট প্রক্রিয়ার আওতায় ৭৫তম স্ট্রিটের প্রতিষ্ঠানটি বন্ধ করে। এ ছাড়া ২৯ অক্টোবর রুজভেল্ট অ্যাভিনিউ ও ৮৭তম স্ট্রিট এলাকায় পৃথক অভিযানে যৌনকর্মীর সেবা গ্রহণের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণন জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশ কমিশনার জেসিকা টিশ, ১১৫তম প্রিসিঙ্কট এবং কুইন্স নর্থের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁর মতে, গণপরিবহন ব্যবহার, সন্তানদের স্কুলে নেওয়া কিংবা স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
অক্টোবর মাসে ‘রিস্টোর রুজভেল্ট অ্যাভিনিউ কোয়ালিশন’ নামে একটি সংগঠন দুটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাবেক স্টেট সিনেটর হিরাম মনসেরাতের নেতৃত্বাধীন সংগঠনটি এলাকায় কথিত অবৈধ যৌন ব্যবসা বন্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানায়।
এদিকে শেখর কৃষ্ণন, অ্যাসেম্বলি সদস্য ক্যাটালিনা ক্রুজ ও স্টিভেন রাগা রুজভেল্ট অ্যাভিনিউ এলাকার পরিস্থিতি উন্নয়নে সাত দফা পরিকল্পনা সামনে এনেছেন। এতে হোটেল ও ম্যাসাজ পার্লারের লাইসেন্সিং ও তদারকি জোরদার, সড়কে আলোর ব্যবস্থা উন্নত করা এবং বিভিন্ন নগর সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রস্তাব রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, জ্যাকসন হাইটস ও রুজভেল্ট অ্যাভিনিউ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সাময়িক অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন ধারাবাহিক আইন প্রয়োগ, মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ।
নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব জ্যাকসন হাইটস গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।



