
ভেটেরানদের কল্যাণে হোকুলের ৬ নতুন আইন, বাড়ছে সুযোগ-সুবিধা
প্রতিবন্ধী ভেটেরানদের আবাসন সংস্কারে ফি ছাড়, সম্পত্তি কর সুবিধা সম্প্রসারণ, গাড়ির নিবন্ধন ও জিম ব্যবহারে বিশেষ সুবিধা
শাহ্ জে. চৌধুরী:
যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক সদস্য (ভেটেরান), প্রতিবন্ধী ভেটেরান, কর্মরত সামরিক সদস্য এবং তাঁদের পরিবারের কল্যাণে ছয়টি নতুন বিলে স্বাক্ষর করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গত ১১ নভেম্বর ভেটেরান্স ডে উপলক্ষে এসব বিলে স্বাক্ষর করেন তিনি। নতুন আইনগুলোর মাধ্যমে ভেটেরানদের আর্থিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কমানো এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পথ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গভর্নরের কার্যালয় জানায়, নতুন আইনগুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধী ভেটেরানদের বাড়ি সংস্কারে স্থানীয় সরকারের অনুমতি ও সংশ্লিষ্ট ফি মওকুফ বা কমানোর সুযোগ, সম্পত্তি কর ছাড়ের যোগ্যতা প্রমাণে সামরিক নথির গ্রহণযোগ্যতা বাড়ানো, গাড়ির বিশেষ লাইসেন্স প্লেট পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং সামরিক দায়িত্বে নিয়োজিত সদস্যদের গাড়ির নিবন্ধন আগাম নবায়নের সুযোগ।
প্রতিবন্ধী ভেটেরানদের আবাসন সংস্কারে সুবিধা
নতুন আইনে স্থানীয় সরকারগুলো সামরিক দায়িত্ব পালনের কারণে প্রতিবন্ধী হয়ে পড়া ভেটেরানদের বাড়িতে প্রয়োজনীয় সংস্কার ও প্রবেশগম্যতার ব্যবস্থা করার ক্ষেত্রে অনুমতি ফি মওকুফ বা কমাতে পারবে। এর ফলে হুইলচেয়ার ব্যবহারের উপযোগী প্রবেশপথ, বাথরুমসহ প্রয়োজনীয় পরিবর্তন করতে আর্থিক চাপ কমবে।
সম্পত্তি কর ছাড়ের সুযোগ সম্প্রসারণ
যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকারী ভেটেরানদের সম্পত্তি কর ছাড়ের যোগ্যতা প্রমাণে এখন আরও বিস্তৃত সামরিক নথি ব্যবহার করা যাবে। এর মধ্যে সামরিক চাকরি থেকে অব্যাহতির কাগজপত্র, সামরিক পুরস্কার এবং ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের বেতনসংক্রান্ত রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া পারস্য উপসাগরীয় সংঘাতে অংশগ্রহণকারী ভেটেরানদের সম্পত্তি কর সুবিধার যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট সময়সীমাও স্পষ্ট করা হয়েছে।
প্রতিবন্ধী ভেটেরানদের গাড়ির বিশেষ প্লেট
যুক্তরাষ্ট্রের ভেটেরান বিষয়ক বিভাগ (VA) থেকে ১০০ শতাংশ প্রতিবন্ধিতার স্বীকৃতি পাওয়া ভেটেরানরা তাঁদের বিদ্যমান ফেডারেল স্বীকৃতির ভিত্তিতে Universal Symbol of Access-সংবলিত বিশেষ গাড়ির লাইসেন্স প্লেট পাওয়ার সুযোগ পাবেন।
সামরিক সদস্যদের গাড়ির নিবন্ধন নবায়নে সুবিধা
সরকারি সামরিক দায়িত্ব বা মোতায়েনের সময় যেসব সদস্যের গাড়ির নিবন্ধনের মেয়াদ শেষ হবে, তাঁরা নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন নবায়ন করতে পারবেন। এতে সামরিক দায়িত্ব পালনের কারণে নিবন্ধনসংক্রান্ত জটিলতা এড়ানো সহজ হবে।
SUNY ও CUNY-তে জিম ও সুইমিং পুল ব্যবহারে ছাড়
প্রতিবন্ধী ভেটেরানদের শারীরিক সুস্থতা ও বিনোদনের সুযোগ বাড়াতে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (SUNY) এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (CUNY) যেসব ক্যাম্পাসে সাধারণ মানুষের জন্য জিম ও সুইমিং পুল ব্যবহারের সদস্যপদ রয়েছে, সেখানে প্রতিবন্ধী ভেটেরানদের বিনামূল্যে অথবা ছাড়মূল্যে সদস্যপদ দেওয়ার বিধান করা হয়েছে।
এদিকে, ভেটেরানদের মানসিক ও শারীরিক সুস্থতা এবং পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ভেটেরানস সার্ভিসেস ছয়টি অলাভজনক প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার ডলার অনুদান ঘোষণা করেছে। প্রতিটি প্রতিষ্ঠান পাবে ২৫ হাজার ডলার। এই অর্থ ভেটেরানদের জন্য বহিরাঙ্গনভিত্তিক থেরাপি ও বিনোদনমূলক কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।
ভেটেরান্স ডে উপলক্ষে গভর্নর হোকুলের নির্দেশে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ১৭টি গুরুত্বপূর্ণ স্থাপনায় সবুজ আলো জ্বালানো হয়। ‘অপারেশন গ্রিন লাইট’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়, যা দেশের জন্য আত্মত্যাগকারী সামরিক সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।
গভর্নর হোকুল বলেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতি নিউইয়র্ক গভীরভাবে কৃতজ্ঞ। তাঁদের পাশাপাশি তাঁদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা, স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব।
নতুন আইনগুলো নিউইয়র্কের ভেটেরান ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।



