যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলে নজিরবিহীন বিপর্যয়

FAA-এর যোগাযোগব্যবস্থায় ত্রুটি, দেশব্যাপী ফ্লাইট স্থগিতের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার; ভোগান্তিতে লাখো যাত্রী

শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে শুক্রবার বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দেশব্যাপী সব বিমানবন্দরের ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়।

FAA জানায়, দেশের বিভিন্ন আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিশেষ পরিস্থিতি বিবেচনায় পরিচালনার অনুমতি দেওয়া হয়।

পরিস্থিতির উন্নতি হলে কয়েক ঘণ্টা পর দেশব্যাপী গ্রাউন্ড স্টপ প্রত্যাহার করে FAA। তবে এরই মধ্যে অন্তত ৬০০টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিপর্যয়ের সময় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ১১ হাজার ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রীর ভ্রমণের কথা ছিল।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে সাইবার হামলা বা কোনো সন্ত্রাসী তৎপরতার যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে পরিবহনমন্ত্রী শন ডাফি পুরোনো ও অতিরিক্ত চাপের মুখে থাকা বিমান চলাচল প্রযুক্তিকে এ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও বিমান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীদের পাশাপাশি কার্গো পরিবহন এবং বিভিন্ন ক্রীড়া দলের যাত্রাও বিঘ্নিত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension