
ইরানে আন্দোলনকারীদের শনাক্তে প্রযুক্তির সহায়তা, নিন্দা
ইরানে আটক হওয়ার পর হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার নারী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। হিজাব বিতর্কে দেশটিতে চলছে তোলপাড়।
আন্দোলনকারীদের দমিয়ে রাখতে না পেরে প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটছে ইব্রাহিম রাইসির সরকার। হিজাববিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
সে কারণে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পুলিশ।
দেশটিতে প্রতিদিনই আইনশৃঙ্খলা ভাঙার অভিযোগে শত শত নারীকে গ্রেপ্তার করা হচ্ছে। তার পরেও আন্দোলন থামছে না। পুলিশ মনে করছে, আন্দোলনের পেছনে হিজাব নিয়ে উসকানি রয়েছে। সেটা বন্ধ করতেই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের গ্রেপ্তার করতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেজন্য এবার প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।
‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহারের খবর সামনে আসায় ক্ষোভে ফুঁসছেন ইরানি নারীরা। তাদের অভিযোগ, এই প্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।
আন্দোলনকারী একজন নারী বলেন, এরপর তো হিজাব না পরে রাস্তায় বের হলে আমাকে চিহ্নিত করে রাখবে সরকার। সেক্ষেত্রে আমার এবং আমার পরিবারের ওপরও অত্যাচার নেমে আসতে পারে।
নিউজ ট্রাস্ট



