আন্তর্জাতিকপ্রধান খবর

ইরানে হামলার অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা বাতিল করল মার্কিন কংগ্রেস

ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার কারণে ক্ষমতার অপব্যবহারের একক অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রীন অভিশংসনের এই প্রস্তাব উত্থাপন করলেও এতে খুব একটা বিতর্ক হয়নি। বরং তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির অনেক সদস্যও রিপাবলিকানদের সঙ্গে একত্রিত হয়ে অভিশংসনের প্রচেষ্টাটি বাতিলের পক্ষে ভোট দেন।

ভোটাভুটির আগে দেওয়া বক্তব্যে আল গ্রীন বলেন, ‘আমি এটি করছি কারণ, একক কোনো ব্যক্তির হাতে থাকা উচিত নয় ৩০ কোটির বেশি মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা—সংযুক্ত রাষ্ট্রের কংগ্রেসকে উপেক্ষা করে।’

তিনি আরও বলেন, ‘আমি এটি করছি কারণ আমি বিশ্বাস করি সংবিধান হয় অর্থবহ হবে, নতুবা তা অর্থহীন হয়ে যাবে।’

ভোটে ৩৪৪ জন অভিশংসনের প্রচেষ্টা বাতিলের পক্ষে এবং ৭৯ জন বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটদের বড় একটি অংশও রিপাবলিকানদের সঙ্গে একাত্ম হয়ে অভিশংসন বাতিলের পক্ষে অবস্থান নেন।

এদিকে এএফপি এক খবরে জানিয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে টানা ১২ দিনের লড়াইয়ের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন,‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র বলপ্রয়োগের মাধ্যমে অন্যায় ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না’।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর বরাতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আত্মরক্ষার্থে সামরিক সংঘাতে জড়াতে বাধ্য হয়েছে। আমি আশা করি, আর কখনোই আমাদের যুদ্ধ করতে বাধ্য হতে হবে না’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension