আন্তর্জাতিক

উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল চলমান মহামারি করোনাভাইরাসের উৎস খুঁজতে চীনের উহানে পৌঁছেছে। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর কাজ শুরু করবে দলটি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) তারা উহানে পৌঁছান যদিও চীন প্রথমে এই বিশেষজ্ঞ দলটিকে অনুমতি প্রদানে বেশ গড়িমসি করেছিল।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিনের ফুটেজে দেখা যায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দলটি পিপিই পরা অবস্থায় উহানে পৌঁছে চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

তারা এমন এক সময় চীনে পৌঁছালেন যখন দেশটির দুই কোটিরও বেশি মানুষ লকডাউনে রয়েছে এবং একটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক বার্তা সংস্থা এপিকে বলেন, চীনের অভিবাসন নিয়ম অনুযায়ী আমরা হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকব। দুই সপ্তাহ পর আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গের সাক্ষাৎ করব এবং বিভিন্ন জায়গায় যাব।

উল্লেখ্য, জানুয়ারির শুরুর দিকেই বিশেষজ্ঞ দলটির চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু ডব্লিউএইচওর প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস হতাশা প্রকাশ করে তখন জানান, বেইজিং অনুমতি না দেওয়ায় বিশেষজ্ঞ দলটির চীনে পৌঁছাতে দেরি হবে। গেব্রেয়েসুসের এই বক্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, কোথাও সম্ভবত ভুল-বোঝাবুঝি হয়েছে।

২০১৯ এর ডিসেম্বরে উহানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বে ভাইরাসটি ছড়িয়ে যায়। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে প্রায় ২০ লাখ মানুষ মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখেরও বেশি মানুষ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension