
কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সোমবার (১১ জানুয়ারি) তার বিরুদ্ধে এ প্রস্তাব আনা হয়।
সিএনএন জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদে বুধবার অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই দুইবার অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
অভিশংসন প্রস্তাবে মার্কিন নির্বাচনে ট্রাম্পের ভুয়া জয় দাবি ও ৬ জানুয়ারি হামলার আগে সমর্থকদের উদ্দেশে তার দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করা হয়।
অভিশংসন প্রস্তাবে বলা হয়েছে, ট্রাম্প তার কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন অবস্থার মধ্যে ফেলেছেন।
এছাড়া প্রস্তাবে জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান সেক্রেটারি অব স্টেটকে ফোন করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। যেখানে ট্রাম্প তার জয়ের জন্য ভোট খুঁজে বের করতে বলেছিলেন।
৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটদের অনুরোধে এ প্রস্তাব ওঠে। এতে ট্রাম্পের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলায় উস্কানির’ অভিযোগ আনা হয়েছে।
রিপাবলিকান পার্টির নেতারাও তাকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানাচ্ছেন। এছাড়া সহিংস পরিস্থিতিতে মার্কিন নাগরিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।❐



