বাংলাদেশ

গণমাধ্যমের প্রতি সুষ্ঠু নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এ মতবিনিময় সভা শুরু হয়, শেষ হয় সাড়ে ৫টায়।বৈঠকে সম্পাদকরা বিভিন্ন মতামত দিয়েছেন। ঐক্যফ্রন্টের নেতারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পাদকদের কাছে সব ধরনের সহযোগিতা চেয়েছেন।

বৈঠক শেষে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তজা বলেন, শেষ পর্যন্ত ঐক্যফ্রন্ট যেন নির্বাচন থেকে সরে না আসে সম্পাদকদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে ধরবে বলে সম্পাদকরা আশ্বস্ত করেছেন নেতাদের।বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনে ঐক্যফ্রন্ট বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন সে প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন, নির্বাচনে বিজয়ী হলে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, হলিডে সম্পাদক সৈয়দ কামালউদ্দিন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নুরুল কবীর, আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান তৌফিক ইমরোজ খালিদী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী।এছাড়া এ মতবিনিময়ে অংশ নেন যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করীম, বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ইনকিলাবের মুন্সি আবদুল মান্নান, নিউজ টুডের মোসলেম উদ্দিন আহমেদ, ডেইলি স্টারের সাখাওয়াত হোসেন লিটন, সমকালের লোটন একরাম, সাপ্তাহিকের গোলাম মোর্তজাসহ বিভিন্ন সংবাদপত্রের সিনিয়র সাংবাদিকরা।ভয়েস অব আমেরিকার আমীর খসরু, রয়টার্সের সিরাজুল ইসলাম কাদির, এএফপির শফিকুল আলমও উপস্থিত ছিলেন মতবিনিময় অনুষ্ঠানে।

সভায় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মতামত শোনেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, গণফোরামের মোস্তফা মহসিন মনটু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ।

এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদসহ ঐক্যফ্রন্টের শরিক নেতারাও ছিলেন।গত ১৩ অক্টোবর জোট গঠনের পর গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এই প্রথম বসল জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে গত ১৮ অক্টোবর কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করে জাতীয় ঐক্যফ্রন্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension