
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনওর ওপর নৃশংস হামলা
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তার সরকারি বাসভবনে ঢুকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
ওই হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবাও গুরুতর আহত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন।
উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের ভেতরে এই হামলার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘ঠিক কখন এই হামলা হয়েছে সেটা আমরা জানি না। তবে আমি শুনেছি ভোররাতে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে হামলা করেছে।’
তবে দুর্বৃত্তরা কিভাবে ইউএনও’র বাসায় ঢুকলো, সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানান তিনি।
হামলার সময় ওয়াহিদা খানমের বাসায় তার বাবা এবং তার তিন বছর বয়সী সন্তান ছিলেন। ওয়াহিদা খানমের স্বামীও একজন সরকারি কর্মচারী এবং তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৌহিদুল আরও ইসলাম জানান, ওয়াহিদা খানমের বাবা হামলায় আহত হয়ে ভোরে বাইরে এসে স্থানীয় মানুষজনকে খবর দেন। এরপরই সবাই বিষয়টি জানতে পারে।
ঠিক কী কারণে এমন হামলার ঘটনা ঘটলো, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে উপজেলা প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তার উপর এ ধরণের হামলা বাংলাদেশে অনেকটা নজিরবিহীন।
ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার জানিয়েছেন, গুরুতর আহত ওয়াহিদা খানমকে রংপুর থেকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে গুরুতর আহত ওয়াহিদা খানমকে ভর্তি করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এটি কোনও ডাকাতির ঘটনা নাকি শত্রুতার জের – এ নিয়ে এখন পুলিশ তদন্ত করছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করেছি এ রকম কিছু হয়েছিল কি না, শত্রুতাবশত। ডিসি সাহেব বলেছেন, তাকে এ ধরণের কোনও বিষয় কখনও জানানো হয় নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় স্থাপন করা ক্লোস সার্কিট ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।❐



