নিউ ইয়র্ক জ্যাভিটস্ সেন্টারে ভ্যাকসিন প্রদান কেন্দ্র উদ্বোধন
জাহান আরা দোলন: এ সপ্তাহে নিউ ইয়র্কে সরকারিভাবে নতুন পাঁচটি আরও ভ্যাকসিন প্রদান কেন্দ্র খোলা হবে। এর অংশ হিসেবে ম্যানহ্যাটনের জ্যাকব জ্যাভিটস্ সেন্টারটিও চালু করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে জ্যাকব জ্যাভিটস্ সেন্টার মাঠ পর্যায়ের হাসপাতাল হিসাবে কাজ করেছিল।
যারা ইতোমধ্যে সাক্ষাতের সময় নিয়েছেন তাদের জন্যে হোয়াইট প্লেইন শহরের ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টার এবং সিরাকিউজের নিউইয়র্ক স্টেট ফেয়ার এক্সপো সেন্টারগুলোর সঙ্গে জ্যাভিটস সেন্টারটিও বুধবার সকাল ৮টায় থেকে চালু করা হয়েছে।
অপরাপর কেন্দ্র দুটি যথাক্রমে, জোন্স বিচ বৃহস্পতিবার এবং সানি অ্যালবেনি বিশ্ববিদ্যালয় শুক্রবার উদ্বোধন করা হবে।
নিউ ইয়র্কে কয়েকদিনের মধ্যে রাজ্যের বেসরকারি চিকিৎসক, কাউন্টি স্বাস্থ্য বিভাগ, ফার্মেসি এবং সরকারি অনুমোদন প্রাপ্ত স্বাস্থ্য কেন্দ্রের আরও ১৫টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র খোলার ঘোষণা দেওয়া হবে।
মেয়র ব্লেসিও বুধবারের আগে এক ঘোষণায় জানিয়েছিলেন, জানুয়ারির শেষ দিকে শহরে ২৪ ঘণ্টার সেবা সুবিধা নিয়ে প্রতিদিন ৭ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান কেন্দ্র খোলা হবে।
এর আগে গভর্নর কুমো ও রাজ্যের স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে ধীরগতির জন্য সমালোচিত হন।
শুরুতে নার্সিং হোমের রোগী ও কর্মচারীদের পাশাপাশি হাসপাতাল এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়। কিন্তু গত সপ্তাহে পুলিশ, দমকলকর্মী, শিক্ষক এবং প্রবীণদের ভ্যাকসিন প্রদানের তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে সে সিদ্ধান্ত শিথিল করা হয়।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব নিউ ইয়র্কের সকল অধিবাসী ভ্যাকসিন নিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন।❐
নিউ ইয়র্ক পোস্ট



