
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারব্যবস্থা এবং নির্বাচন কমিশন শক্তিশালীকরণে সংবিধানসম্মত বিভিন্ন প্রস্তাব দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ড. কামাল প্রধানমন্ত্রীকে তিনি বলেন, দেশ পরিচালনার যে ঐতিহাসিক সুযোগ প্রধানমন্ত্রী পেয়েছেন, সেখানে জাতীয় ঐক্য এবং মেলবন্ধনে কতটা কার্যকর ভূমিকা প্রধানমন্ত্রী রেখে যেতে পারছেন, আগামীদিনের মানুষ যুগ যুগ ধরে সেটিই মনে রাখবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু পর শুরু হওয়া এ সংলাপ রাত ১০টা ৩৫ মিনিটে শেষ হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন। ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন,সাড়ে ৩ ঘণ্টার সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে। কিন্তু প্রত্যাশিত এ সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।



