ভারতরাজনীতি

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে কেজরিওয়ালের জন্য পাশের চেয়ার খালি রাখলেন আতিশি

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা আতিশি মারলেনা। রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে আগামী চার মাস দায়িত্ব পালন করবেন ৪৩ বছর বয়সী এই রাজনীতিক। এর পর দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর- এনডিটিভি।

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় এলেন আতিশি। সোমবার আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিজের চেয়ারের পাশে একটি খালি চেয়ার রেখে তিনি বলেন, এই চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের। আমার বিশ্বাস, চার মাস পর দিল্লির মানুষ আবার তাঁকে ফিরিয়ে আনবেন।

এর আগে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি রাজ্যের নারী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়। তাঁর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আতিশি। আগে থেকেই তাঁর হাতে রয়েছে দিল্লি সরকারের শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। তিনি মন্ত্রী হন আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

আবগারি মামলায় জামিন পেয়ে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন কেজরিওয়াল। এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। তিনি সৎ না অপরাধী– সে বিষয়ে জনতার রায় না পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension