আন্তর্জাতিক

হুতি হামলার মধ্যে আকস্মিক সফরে রিয়াদে ফরাসি প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। বুধবার তার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের প্রতি সংহতি জানাতে তার এই সফর।
চলতি মাসে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলা জোরদার করার পর ম্যাখোঁই প্রথম পশ্চিমা নেতা, যে সৌদি আরব সফর করছেন। উপসাগরীয় অঞ্চলে ম্যাখোঁর এই সফরের অন্যতম উদ্দেশ্য হলো ডিজেল ও পেট্রলের সরবরাহ নিশ্চিত করা। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানির দাম নিয়ে সৃষ্ট অসন্তোষের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি।

দেশটিতে এ নিয়ে সহিংস বিক্ষোভও হয়েছে, যা ম্যাখোঁর জন্য রাজনৈতিক সংকট তৈরি করেছে। ম্যাখোঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আজ বিকেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে সৌদি আরব যাচ্ছেন।’

ম্যাখোঁর কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি ভূখণ্ডে হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি জানানো এবং জ্বালানি সরবরাহ নিরাপদ ও বহুমুখী করার প্রচেষ্টা অব্যাহত রাখাই এই সফরের উদ্দেশ্য।’

বর্তমানে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

এসব হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। পাশাপাশি একটি বড় বিনিয়োগ সম্মেলনও স্থগিত করা হয়েছে।
এদিকে সৌদি বন্দরে অবরোধ আরোপের হুতিদের প্রচেষ্টার কারণে দেশটি থেকে তেল রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সৌদি আরবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension