যুক্তরাষ্ট্র

১.১ মিলিয়ন ডলারে বিক্রি হলো হিটলারের ঘড়ি

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি নিলামে ১১ লাখ ডলারে (প্রায় সাড়ে ১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের আলেকজান্ডার হিস্টোরিকাল অকশন ঘড়িটি বিক্রি করেছে।

বিবিসির এক খবরে বলা হয়েছে, হুবার টাইমপিসের ঘড়িটি অজ্ঞাত এক ক্রেতা নিলামে কিনেছেন। হুবার কোম্পানির ঘড়িটির কভারে স্বস্তিকা চিহ্ন এবং জার্মানির একনায়কের নামের ইংরেজি আদ্যক্ষর ‘এ এইচ’ ক্যাপিটাল লেটারে খোদাই করা আছে। তবে নিলামে ঘড়িটি বিক্রির আগে ইহুদি নেতারা নিন্দা জানিয়েছেন। যদিও বিভিন্ন সময় নাৎসি স্মারক বিক্রি করা নিলাম প্রতিষ্ঠানটি জার্মান সংবাদমাধ্যমকে বলেছে, ইতিহাস সংরক্ষণ করার জন্য তারা ঘড়িটি বিক্রি করেছে।

নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নেতৃত্বে ছিলেন। ধারণা করা হয়, তিনি প্রায় ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যায় নেতৃত্ব দিয়েছেন। যাদের মধ্যে ইহুদি হওয়ার কারণে ৬০ লাখ মানুষকে হত্যা করা হয়।

বিক্রি হওয়া ঘড়িটির পণ্য ক্যাটালগে বলা হয়েছে, এটি সম্ভবত ১৯৩৩ সালে হিটলারকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তিনি তখন জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। নিলাম ঘরটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ১৯৪৫ সালের মে’তে বেরঘফে হিটলারের একটি আস্তানায় হানা দেওয়া ফ্রান্সের প্রায় ৩০ জনের একটি সেনাদল ঘড়িটি পায়। এরপর সেটি কয়েক প্রজন্মের হাত ঘুরে নিলাম ঘরে আসে।

এদিকে ঘড়িটি বিক্রির বিরুদ্ধে একটি খোলা চিঠি লিখেছিলেন ৩৪ ইহুদি নেতা। হিটলারের স্মৃতি ধরে রাখাকে তারা জঘন্য বলে আখ্যায়িত করেছেন। এ ধরনের সকল নিলাম বাতিলের আহ্বান জানিয়েছেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension