
২৪ ঘণ্টা গ্যাস পাবে না জনগণ: পাকিস্তানের জ্বালানি প্রতিমন্ত্রী
গ্যাসেরই চরম সংকট শুরু হয়েছে পাকিস্তানজুড়ে। এই রোজার মাসে ঘণ্টার পর ঘণ্টা চলছে লোডশেডিং। পাকিস্তানের জ্বালানি প্রতিমন্ত্রী মুসাদিক মালিক গত বুধবার জানান, দেশের বেশির ভাগ অংশে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে যাওয়ায় দেশে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ করা যাবে না।
করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী মুসাদিক মালিক। পরে তিনি জানান, সাহরি এবং ইফতারের সময় গ্যাস সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে। তিনি দাবি করেন, বেলুচিস্তানের অভ্যন্তরীণ সেক্টরে গ্যাস সরবরাহের কারণে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।
তিনি বলেন, ‘প্রতিবছর ১০ শতাংশ হারে আমাদের গ্যাসসম্পদ হ্রাস পাচ্ছে। চাহিদা বাড়লেও সারা দেশে মাত্র ১৬০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস অবশিষ্ট রয়েছে।’ মুসাদিক মালিক বলেন, সরকার প্রথমে দরিদ্র পরিবারগুলোর জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হবে। তবে নতুন সংযোগে কিছু বিধি-নিষেধ থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, কয়েক বছর আগেও সিন্ধুতে উদ্বৃত্ত গ্যাস ছিল, কিন্তু বর্তমানে এটি ক্রমবর্ধমান চাহিদার কারণে ঘাটতির সম্মুখীন হচ্ছে। পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় শুধু খাইবার পাখতুনখাওয়াতেই এই মুহূর্তে উদ্বৃত্ত গ্যাস রয়েছে।
এদিকে দেশটির শিল্প খাতেও গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এ প্রসঙ্গে মালিক বলেন, প্রাকৃতিক গ্যাস এবং আরএলএনজির ব্যয়বহুল মিশ্রণের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা যেতে পারে।
দেশের সাধারণ মানুষ যাতে সর্বক্ষণ গ্যাস সরবারহ পান তার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ নিয়ে কোনো গাফিলতি তিনি বরদাস্ত করবেন না বলেও জানান। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পরেও পরিস্থিতির বদল হয়নি।
সূত্র : দ্য ডন



