প্রধান খবরবাংলাদেশ

হরতাল-অবরোধে ঢাকায় পুড়েছে ৬৪ গাড়ি

২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পর চলমান হরতাল ও অবরোধে গত ২৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ঢাকা মহানগর এলাকায় ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খন্দকার মহিদউদ্দিন গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে, বেশির ভাগ ক্ষেত্রেই দুষ্কৃতকারীরা অনেকটা ফাঁকা বাসে যাত্রীবেশে উঠে এবং তারা পিছনের দিকে ফাঁকা সিটে বসে পড়েন। পরে সময়-সুযোগ বুঝে গাড়িতে আগুন দিয়ে নেমে যায়। গাড়ির পেছন থেকে খুব দ্রুত আগুন ছড়িয়ে পরে এমন ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করে তারা। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে। ঐ সময় তাদের কাছ থেকে পেট্রোল, গান পাউডার, তুলা, পুরোনো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা কোন দলের সঙ্গে জড়িত প্রশ্নের উত্তরে এ কর্মকর্তা বলেন, ১২ জনই অবরোধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এদের মধ্যে একজন আরেক জনকে নিয়োগ দিচ্ছে। আরেক জন আবার আরেক জনকে নিয়োগ করছে। তারা এগুলো করছে অবরোধে জনগণের মনে ভীতি সঞ্চার করার জন্য। যেন মানুষ রাস্তায় না নামে এবং স্বাভাবিকভাবে চলাচল না করে।

অগ্নিসংযোগে গ্রেফতারকৃতরা টাকার বিনিময়ে এগুলো করছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা এ ধরনের দুই-একটি অভিযোগ পেয়েছেন। তারা সেগুলো পর্যবেক্ষণ ও তদন্ত করে দেখছেন। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension